আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
Dhakanewsbd24
২৬ সেপ্টেম্বর, ২০২৬
কিছুদিন আগেই টেলিভিশন জগতের সর্বোচ্চ স্বীকৃতি ‘এমি পুরস্কার’ দেওয়া হয়েছে। সেটা অবশ্য ছিল যুক্তরাষ্ট্রের স্থানীয় আলোচিত যত কনটেন্ট নিয়ে। তবে আসছে নভেম্বরে বসতে যাচ্ছে এই পুরস্কারের আন্তর্জাতিক বিভাগের আসর। যেখানে যুক্তরাষ্ট্র বাদে পৃথিবীর অন্যান্য দেশের ড্রামা, রিপোর্ট ও ডকুমেন্টারি দেখানো হবে; দেওয়া হবে পুরস্কার।
সে তালিকায় এবার দেখা মিলল বাংলাদেশের ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলন ও চব্বিশের জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের গতিপ্রবাহ নিয়ে নির্মিত আলোচিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’। ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে এই চিত্র। তবে সরাসরি বাংলাদেশের কনটেন্ট নয় এটি। মূলত, োআল জাজিরার বিশেষ অনুসন্ধানী ব্যানার ‘আল জাজিরা ইনভেস্টিগেটস’-এর অধীনে নির্মিত হয়েছে এই তথ্যচিত্র; যা উপস্থাপন করবে কাতার। এমির অফিসিয়াল সাইটে মিলল এই তথ্য।
বলা হচ্ছে, গণআন্দোলনের পেছনের নানা চাঞ্চল্যকর ও কঠিন সত্য তুলে ধরা হয়েছে তাতে। অনুসন্ধানী এই প্রামাণ্যচিত্রটির মূল গবেষক ও প্রধান ইনভেস্টিগেটর হিসেবে কাজ করেছেন বাংলাদেশি সাংবাদিক (আলজাজিরা) জুলকারনাইন সায়ের। এ নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই সাংবাদিক।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি লেখেন, “‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাটাগরিতে ২০২৬ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পাওয়ার খবরটি জানাতে পেরে আমি অভিভূত ও সম্মানিত বোধ করছি। তবে এই কাজের প্রথম ও প্রধান দাবিদার বাংলাদেশের সর্বস্তরের মানুষ; বিশেষ করে সেই সব শিক্ষার্থী, শ্রমজীবী ও স্বজনেরা, যারা ওই কঠিন ৩৬টি দিন পার করেছেন এবং যারা জীবন বিসর্জন দিয়েছেন। মূলত এই আন্তর্জাতিক স্বীকৃতি তাদেরই পাওয়া।”
সায়েরের এই কৃতিত্বের খবরে আনন্দিত দেশের নির্মাতারাও। গুণী নির্মাতা ও সাবেক সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। তাতে লিখেছেন, ‘জুলকারনাইন সায়ের এবং উইল থর্ন যখন আমাকে শেখ হাসিনার শেষ ৩৬ দিনের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনার কথা প্রথম জানান, তখনই আমি বুঝতে পেরেছিলাম আরও একটি গুরুত্বপূর্ণ কাজ তৈরি হতে যাচ্ছে।’
ফারুকী লেখেন, ‘ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন জঘন্য অপরাধ নানা প্রতিবেদন ও অনুসন্ধানী প্রামাণ্যচিত্রের মাধ্যমে উন্মোচন করে সত্য তুলে ধরার জন্য সার্বিকভাবে আল জাজিরা বাংলাদেশের সর্বস্তরের মানুষের ধন্যবাদ পাওয়ার দাবিদার। চমৎকার একটি কাজ। ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ প্রামাণ্যচিত্রটি আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়ায় অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন।’
এছাড়াও নির্মাতা আশফাক নিপুণও এ নিয়ে প্রশংসা করছেন। খবরটি জেনেই সায়েরের পোস্টে তিনি মন্তব্য করেছেন, ‘ওহ দারুণ, অভিনন্দন সায়ের ভাই, শুভকামনা।’
এদিকে বেশ কিছু বিদেশি গণমাধ্যমও আলাদা করে এই তথ্যচিত্র নিয়ে সংবাদ প্রকাশ করেছে।
উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর নিউ ইয়র্কে বসবে আন্তর্জাতিক এমি পুরস্কারের ৫৪তম আসর। যেখানে জায়গা করে নিয়েছে বৈচিত্র্যময় ও বিশ্বমানের একঝাঁক কনটেন্ট। আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, ফিলিপাইন, পর্তুগাল, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, তুরস্ক এবং যুক্তরায্যের মতো বিশ্বের ২২টি দেশ থেকে সেরা নির্মাণ ও শিল্পীরা এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় মনোনয়ন লাভ করেছেন।

