‘ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছি না’ : নাহিদ ইসলাম
Dhakanewsbd24
প্রকাশ: ১১ মার্চ ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, “ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছি না।”
তিনি বলেন, আগামী ১২ মার্চ সংসদের অধিবেশন শুরু হবে। সেদিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন বলে জানা গেছে। তবে সেই ভাষণ শুনতে এনসিপি সংসদে যাবে না।
নাহিদ ইসলাম বলেন, “আমরা পরিষ্কার করে বলতে চাই—ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার আদায় করতে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলতে এবং উচ্চকক্ষ কবে গঠন করা হবে তা দেখতে।”
মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করে নাহিদ ইসলাম বলেন, “আমরা শুনেছি হাদি ভাইয়ের হত্যাকারীদের ভারতে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি এ হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে, তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।”
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুর্নীতি ও ঋণখেলাপি বন্ধ না হলে এ কর্মসূচি দেশের জন্য কার্যকর হবে না। দ্রুত ঋণখেলাপিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, মাহিন সরকার, তাহসিন রিয়াজ এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেতারা।
এছাড়া অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাঈন উদ্দিনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

