ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিমানের বড় রদবদল, নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ

admin
অক্টোবর ৫, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিমানের বড় রদবদল, নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ
Dhakanewsbd24
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর অংশ হিসেবে এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনক্রমে জারি করা ওই আদেশে প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বাড়াতে ১০ জন জ্যেষ্ঠ ও উপ-মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাকে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
জনসংযোগ ও গ্রাহক সেবায় পরিবর্তন
অফিস আদেশ অনুযায়ী, শাহনুর আহমেদ (পি-৩৬৩৪৮) এতদিন এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশে তাকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এ দায়িত্ব পালনের জন্য তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়েছে।
অন্যদিকে, এতদিন মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) এবং অতিরিক্ত দায়িত্বে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে দায়িত্ব পালন করা মহিউদ্দিন আহমেদ (পি-৩৬৫২১)কে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে জানতে চাইলে শাহনুর আহমেদ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ ও গ্রাহকসেবা আরও কার্যকর ও গতিশীল করতে কাজ করতে চাই। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা আমাদের কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং যেসব জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে, সেগুলোও সামনে আনেন। আমি দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও সহযোগিতাকে গুরুত্ব দেব। আশা করি, আপনাদের সহযোগিতা নিয়ে নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব।’
প্রশাসন-মানবসম্পদেও রদবদল
আদেশে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজাকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্সোনেল বিভাগের উপ-মহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহমেদকে উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে মূল দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
পোল্ট্রি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জহুরুল আলমকে উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ) এবং আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিকল্পনা বিভাগেও পরিবর্তন
বোয়িং-৭৮৭ উড়োজাহাজের ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেনকে মূল ক্যাপ্টেনের দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা), করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তর পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া উপ-মহাব্যবস্থাপক (হিসাব) এম. এম. আরিফুর রহমানকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরে উপ-মহাব্যবস্থাপক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএফসিসির উপ-মহাব্যবস্থাপক এ জেড এম আরিফকে উপ-মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।
বিমান সূত্র জানিয়েছে, বিভিন্ন বিভাগের কার্যক্রমে গতি আনা, সেবার মান উন্নত করা এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করার লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হয়েছে।