DhakaNewsBD24
তারিখ: ০৪ আগস্ট ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন, কুমিল্লার মুরাদনগর উপজেলায় একপ্রকার মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা কারাগারে বন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীর সাথে সাক্ষাৎ শেষে তিনি এ অভিযোগ করেন।
নাসির উদ্দিন নাসির বলেন,
“গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থেকেছেন, জেল-জুলুম সহ্য করেছেন, সেই সাহসী নেতাকর্মীদের আজও কারাগারে পাঠানো হচ্ছে। ৫ আগস্টের পরেও উপদেষ্টা আসিফ মাহমুদ ইচ্ছাকৃতভাবে এসব নেতাকর্মীদের জেলে পাঠিয়েছেন।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশের অন্যত্র ইতিবাচক রাজনীতি বিকাশমান হলেও মুরাদনগরে তা অনুপস্থিত। এখানে এক ব্যক্তির একক নির্দেশেই রাজনীতি চলছে, যা গণতন্ত্রবিরোধী।”
নাজিম মাহমুদের গ্রেপ্তারের পর তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন উল্লেখ করে নাসির বলেন,
“এই মৃত্যু বেদনাদায়ক ও ন্যক্কারজনক। একজন মায়ের বুক খালি করে দিয়ে যে রাজনীতি করা হয়, তা কখনো শুভ হতে পারে না।”
তিনি দাবি করেন,
“সরকারদলীয় নেতাকর্মীরা মুক্তভাবে চলাফেরা করলেও বিএনপি ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী অন্যায়ভাবে কারাবন্দি রয়েছেন। আমরা অবিলম্বে তাদের মুক্তির জোর দাবি জানাচ্ছি।”
সাক্ষাৎ শেষে নাসির উদ্দিন নাসির নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

